বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৭) মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার জেরিকা তাসনিস দিশার (১৯) দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চার দিনের রিমান্ড শেষে আজ বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্তের স্বার্থে তাকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১ নভেম্বর তার এ মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২৭ অক্টোবর আমার ছেলে তাহসিফ সাউরি আনুমানিক সন্ধ্যা ৬টার পর দীপ নামে তার এক বন্ধুর ডাকে বাসা থেকে বের হয়ে যান। রাত বেশি হলেও ছেলে ফিরে না আসায় তার মা বারবার ফোনে যোগাযোগ করলে তিনি জানান, কিছুক্ষণের মধ্যেই ফিরবেন।
পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তার ফোন থেকে মায়ের ফোনে ভয়েস মেসেজ পাঠানো হয়, ‘রওনা দিয়েছি, আসছি। কিন্তু রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও তিনি ফিরে আসেননি। ২৮ অক্টোবর বিকেলে তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় ৩১ অক্টোবর রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম।