রাজধানীর মতিঝিল থানাধীন কমলাপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ হোসেন জানান, খবর পেয়ে দুপুরের দিকে কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ভোররাতের কোনো এক সময় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন রোমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।
এসআই এরশাদ হোসেন জানান, নিহত রোমান প্রধান মাদারীপুরের কালকিনি উপজেলার চরজগোমোহন এলাকার সিরাজ মিয়ার ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মান্ডার প্রথম গলিতে রাজা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।