নিহত পোশাক শ্রমিক তৌফিকের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় তিনি নিহতের স্ত্রী সেতু মনি, ভাই হারুন উর রশিদসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক লাখ টাকা পরিবারের সদস্যদের হাতে তুলে দেন তিনি।

এদিকে, মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি গভীর সমবেদনা জানিয়ে সব সময় পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রী আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।