টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। খুলে দেওয়া হয়েছে অধিকাংশ তৈরি পোশাক কারখানা। আজ বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। এ ছাড়া কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে উৎপাদন কার্যক্রম।
সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থিত অধিকাংশ পোশাক কারখানা খুলে দেয় কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পাশাপাশি ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবির ১৩ প্লাটুন সদস্য। এছাড়া দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, এটি শ্রমিক আন্দোলন নয় বরং ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্য করে আন্দোলনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। অতীতেও তারা পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে এবং পুলিশকে ক্ষতিগ্রস্ত করেছে।
সব মিলিয়ে কয়েক দিনের অস্থিরতা কাটিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরতে শুরু করেছে স্বাভাবিক কর্মপরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।