নরসিংদীতে বিড়ির নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২

নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল ব্যান্ডরোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে শিবপুর উপজেলার কামরাবো বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

আটকরা হলেন—ফরিদপুরের কোতোয়ালি থানার বাটি কানাইপুর এলাকার মৃত মনিন্দ্র দত্তের ছেলে নেপাল দত্ত (৬৯) ও নরসিংদীর শিবপুরের কামরাবো এলাকার জমির উদ্দিনের ছেলে মো. রকিব (২৫)।

জব্দ ৮৬৬ বান্ডিল ব্যান্ডরোলের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা। নকল বিড়ি ৯০ হাজার পিসের মূল্য প্রায় ১৮ হাজার ৩০০ টাকা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিবপুরের কামরাবো এলাকার একাধিক বিড়ি কারখানায় নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল। নেপাল বণিক নামক এক ব্যক্তির মাধ্যমে নকল ব্যান্ড রোল সরবরাহের একটি চক্র পরিচালিত হয়ে আসছিল বলে প্রাথমিকভাবে জানতে পারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এরপর কামরাবো বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এনএসআইয়ের পাশাপাশি নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অংশ নেয়। 

শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান জানান, জব্দ করা নকল ব্যান্ডরোল ও আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।