মধ্যরাতে মাদরাসায় আগুন লেগে ধোয়ায় ৪৮ শিক্ষার্থী অসুস্থ

নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনের ধোয়ায় ৪৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়েছে। 

সোমবার দিনগত রাত দেড়টার দিকে এ আগুন লাগে। পরে তাদেরকে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। অসুস্থদের মধ্যে ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) স্থানান্তর করা হয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেো– নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), ইউসুফ (১৮), নাঈম (১৫), জোবায়ের (১৮), হাসনাত (২২), আবেদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আব্দুল্লাহ (১৪), মইনুল ইসলাম (২০), মাহাতির(১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), এনায়েত উল্লাহ (১৭), ফয়েজুল্লাহ (১৪), বাইজিদ (১৬), ইউসুফ (২০), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মিরাজ (১৮), মাহাতীর (১৩), আব্দুল আজিজ (১৮), মইনুল (২০), তানভীর (১৮), আল আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), আশিক (১৭), আব্দুল্লাহ (১৩), রিফাত উল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা(১৯), আলী হাসান (২৪), সিরাজ (২৫), রেদওয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আব্দুল্লাহ সাকিল(১৫), মাহফুজ (১৮), আবু বক্কর (২১), জুবায়ের (১৭) ও রাকিব (১৭)।

আজ সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার। 

তিনি জানান, গত মধ্যরাতে ফতুল্লা থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ধোঁয়ায় শ্বাসকষ্টে আহত হলে প্রায় ৪৮ শিক্ষার্থী ফতুল্লার একটি মাদ্রাসা থেকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘ধোয়ায় আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। এদের মধ্যে একজনকে বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত শিক্ষার্থীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’