ঢাকার পরিস্থিতি স্বাভাবিক, গোয়েন্দা নজরদারি বেড়েছে: পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটেও রাজধানী ঢাকায় আজ পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া অভিযানে ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে রাজধানীর সার্বিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

ডিএমপি জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৮ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। ককটেল ফোটানোর সময় কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সোমবার সন্ধ্যার পর থেকে ধারাবাহিক ককটেল ও বাসে আগুনের ঘটনায় আতঙ্ক থাকলেও সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ধানমন্ডি ৩২-এ দুটি ককটেল আর ধানমন্ডি–৩–এ দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে ধানমণ্ডি থানা পুলিশ। সার্বিক নিরাপত্তায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।