নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংগঠিত নানান ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।
বুধবার রাতে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম জানান, এ মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর তান্ডব চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওইদিন সকাল থেকে লগি-বইঠা, ঢাল-সড়কী ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ, কভার্ড ভ্যান ভাংচুর, সড়কে টায়ার জ্বালিয়ে আগুনসহ বিভিন্ন সহিংসতা চালায় ধর্মঘটকারীরা।
এছাড়া, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে চরম ভোগান্তীর শিকার হয় সাধারণ মানুষ।
এর আগে, গত সোমবার রাতে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য তারা শহরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে।