নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ছোটন আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
শনিবার দুপুর ১টার দিকে উপজেলার মোগরাপাড়া এলাকায় মেঘনা সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ছোটনের গ্রামের বাড়ি রংপুরে। তার বাবার নাম আব্দুস সামাদ। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় বসবাস করতেন।
ছোটনকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মাহমুদুল হাসান জানান, তারা একই কুরিয়ার সার্ভিসে কাজ করেন। তবে তাদের কর্মক্ষেত্র আলাদা। শনিবার দুপুরে ছোটন মোটরসাইকেল চালিয়ে মেঘনা সেতুর পাশ দিয়ে যাওয়ার সময় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, স্থানীয়রা ছোটনকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান এবং তাদের অফিসে দুর্ঘটনার খবর দেন। পরে সহকর্মীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে বলেও তারা জানতে পেরেছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ছোটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।