রাজধানীর বিমানবন্দর এলাকায় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে বিমানবন্দর এলাকায় ঢাকা–ময়মনসিংহ হাইওয়েকে স্কলাস্টিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন–মোবারক হোসেন রাজু (২৪) ও মো. ফরিদুল ইসলাম সরদার (৪০)। মোবারকের বাড়ি গাজীপুর সদরের কেশরিতা গ্রামে। তার বাবার নাম মো. শফিকুল ইসলাম। ফরিদুলের বাড়ি গাইবান্ধা উপজেলার রঘুনাথপুর গ্রামে। তার বাবার নাম শহিদুল ইসলাম সরদার।
এ বিষয়ে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, উত্তরা যাওয়ার পথে বিমানবন্দর এলাকার স্কলাস্টিকা স্কুলের সামনে ফ্লাইওভারের নিচে একটি পাজেরো গাড়ির ধাক্কায় তারা গুরুতর আহত হন।
তিনি বলেন, পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।
এসআই আরও বলেন, আমরা ধারণা করছি দুজনের মধ্যে একজন সাইড ইঞ্জিনিয়ার আর একজন লেবার ছিলেন। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


