গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় বাসের ধাক্কায় মহিবুল মোল্লা নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পথচারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাসে আগুন ধরিয়ে দেয়।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহিবুল সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌঁছালে মহিবুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরও তিন পথচারী। মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।’