মাদারীপুরে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে আসিফ খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসিফ খান ওই গ্রামের আজিজ খানের ছেলে। গত ১১ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
রোববার দুপুরে ঘটকচর এলাকার একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় পরিবারের সদস্যরা আসিফের মরদেহ শনাক্ত করেন।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।’