রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার সন্ধ্যা সাতটার দিকে ওয়াবদা রোডে তাকওয়া মসজিদ সংলগ্ন স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চার দুর্বৃত্তের মধ্যে তিনজন অফিসে ঢুকে কর্মচারীদের উদ্দেশে হুমকি দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই হামলা চালিয়ে পালিয়ে যায় তারা। এ সময় বাইরে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। সেই টাকা না দেয়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা তাদের। গুলিতে প্রতিষ্ঠানের টেকনিশিয়ান হাবিবুর রহমান ও সাজু আহমেদ আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের ডান পায়ে এবং অন্যজনের বাম হাতে গুলি লেগেছে।
হামলাকারীদের শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে পুলিশ।