বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার সকালে ভোগড়া ও চৌরাস্তা এলাকায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যানচলাচল বিঘ্নিত হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে ভোগড়া, চৌরাস্তা, তিনসড়ক এলাকার কারখানা ছুটি দিয়ে দিলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নাওজোড়, ইটাহাটাসহ বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া জয়দেবপুর বাস স্ট্যান্ড এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বেশ কয়েকটি কারখানা ছুটি দেওয়া হয়েছে। কিছু জায়গায় শ্রমিকেরা মহাসড়কে নেমেছে। তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে।