জবির নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাবুল আক্তার চলমান জ্বালাপোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক বলে জানা যায়।

গ্রেপ্তার বাবুল আক্তারের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।