রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত রিমান্ডের আদেশ দেন।
এর আগে, আজ মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। প্রথম গুলশান থানায় নেওয়ার পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবিতে হস্তান্তর করা হয়।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন জানিয়েছেন, সাঈদ খোকনকে জুলাইয়ে হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলায় আসামি করা হয়েছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন বলেন, ‘সাবেক মেয়র সাঈদ খোকনকে এসআরবির একটি ইউনিট গ্রেপ্তারের পর ডিএমপির ডিবির কাছে হস্তান্তর করে। সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে।’
দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও পরিবারের কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।
ডিএমপির উপকমিশনার আকতার হোসেন জানান, সাঈদ খোকনের বিরুদ্ধে ডিসেম্বরকে কেন্দ্র করে সহিংসতার উসকানির অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ।
উপকমিশনার আকতার হোসেন বলেন, ‘যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কতটুকু সম্পৃক্ততা আছে এটি তদন্ত করে সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকনের বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুদক।