বিএনপি কার্যালয়ে ভাঙচুর

ফরিদপুরে হামলায় কৃষক দল নেতা নিহতের ঘটনায় আটক ২৫ 

ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি কার্যালয়ে হামলায় স্থানীয় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহতের ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ। তবে এখনো এ ঘটনায় মামলা দায়ের হয়নি। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, গতরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মিছিল থেকে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ সময় হামলার শিকার হয়ে প্রাণ হারান রাজু। 

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

স্থানীয়রা জানায়, মিছিলকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, তিনটি মোটরসাইকেলে আগুন এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার ওপর হামলা চালায় তারা।

গুরুতর আহত রাজুকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোহাগ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ৩৪ বছর বয়সী কৃষক দল নেতার বাড়ি নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে।

রাজু মোল্লাকে একা পেয়ে মারধর ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

এ ঘটনার পর রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।