মাদরাসা ছাত্র সাদিক হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে

শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগার পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ দেন। 

এদিন আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তবে আদালতে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। 

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর  ওমর ফারুক ফারুকী জানান, এ মামলায় আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন না থাকায় তাকে এজলাসে ওঠানো হয়নি। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বুধবার দিনগত রাতে রাজধানীর উত্তরার একটি বাসায় থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে উত্তরা পশ্চিম থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। 

২০২৪ সালের ১৯ জুলাই গণঅভ্যুত্থানে উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মাদরাসা ছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। এ ঘটনায় ওই বছরের ১৫ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করা হয়। নুরুল ইসলাম নাহিদ ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।