হিমাগারের অভাবে বিপাকে নরসিংদীর সবজি চাষিরা

হিমাগার না থাকায় বিপাকে দেশের সবজি উৎপাদনের অন্যতম জেলা নরসিংদীর কৃষকরা। ভালো ফলন হলেও সংরক্ষণের সুযোগ না থাকায় ন্যায্য দাম পান না তারা। এছাড়া, প্রতি বছর সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বাড়ায় শাকসবজির উৎপাদন খরচ বাড়তি, বলছেন চাষিরা। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, সরবরাহ ঘাটতি নেই, বরং অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে। 

সবজি উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ জেলা নরসিংদী। প্রায় ৬১ হাজার হেক্টর জমিতে উৎপাদন হয় ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, লাউ, কাঁকরোল, ঢেঁড়সসহ নানা শীত ও গ্রীষ্মকালীন  শাকসবজি। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় ঢাকাসহ বিভিন্ন জেলায়। 

কৃষকরা বলছেন, গত কয়েক বছরে সার ও কীটনাশকের দাম গড়ে ৩০ শতাংশ বেড়েছে। পাশাপাশি শ্রমিক মজুরি, সেচ ও বীজের খরচ বাড়ায় অনেক সময় লোকসান গুনতে হচ্ছে তাদের।

বিদেশে রপ্তানি হওয়া নিরাপদ ও বিষমুক্ত সবজির ৪০ ভাগই যায় নরসিংদী জেলা থেকে। তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা উৎপাদন বেশি হলে প্রত্যাশিত দাম পান না কৃষক। জেলায় সবজি সংরক্ষণে কোনো হিমাগার না থাকায় কম দামেই বিক্রি করতে বাধ্য হন চাষিরা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান বলেন, ‌‘সার ও কীটনাশকের সরবরাহ স্বাভাবিক আছে। তবে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কৃষকদের কাছ থেকে বেশি দাম নিচ্ছে। হিমাগার সংকটসহ কৃষকদের সমস্যা সমাধানে নানা পরিকল্পনার নেওয়া হয়েছে।’