কাঁঠালবাগানে আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু, আশঙ্কাজনক শিশুসন্তান

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ গৃহবধূ সাবা (৩০) মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ তাঁর দেড় বছর বয়সী শিশুসন্তান আরএস রহমানের অবস্থাও আশঙ্কাজনক। শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাবার মৃত্যু হয়।

এ ঘটনায় দগ্ধ আরও চারজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শিশুসন্তান রহমানসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের সদস্যসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনের মধ্যে সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চিকিৎসাধীন অন্যরা হলেন আবদুর রহমান (২৯), সানজিদা (২০) ও সামসুন নাহার (৫০)। আবদুর রহমানের শরীরের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের তিনজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসক জানান, শিশুসন্তান রহমানসহ চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।