গাজীপুরে ৩ কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ অর্ধশতাধিক

গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে তিন কারখানায় সাধারণ ছুটি ও অর্ধশতাধিক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে শনিবার বেশির ভাগ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বেশির ভাগ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। শান্তিপূর্ণ পরিবেশে চলছে উৎপাদন কার্যক্রম। তবে গতকাল পর্যন্ত বিভিন্ন কারণে অর্ধশতাধিক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া কোনাবাড়ির জরুন এলাকায় তিনটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শনিবার পর্যন্ত গাজীপুরে বিভিন্ন কারণে অর্ধশতাধিক কারখানা বন্ধ রেখেছে মালিক পক্ষ। এছাড়া সাধারণ ছুটি ঘোষণা করেছে তিন কারখানায়। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ, থানা-পুলিশ, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা দায়িত্ব পালন করছেন।