ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বুথের বাইরে টিকিট বিক্রি, গণনায় গরমিল এবং ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা না থাকায় অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে দুদক। রোববার দুপুরে কুড়িলে রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান এফডিইই-এর প্রধান কার্যালয়ে অভিযান শেষে একথা জানায় সংস্থাটি। দিনে প্রায় এক লাখ যানবাহন চললেও নথিতে কম দেখিয়ে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলেও জানায় দুদক।
দুদকের অভিযোগ, প্রতিদিন প্রায় এক লাখ যানবাহন চলাচল করলেও কাগজে-কলমে দেখানো হয় ৭০ থেকে ৭৫ হাজার। অর্থাৎ দিনে অন্তত ২৫ থেকে ৩০ হাজার গাড়ির হিসাব মিলছে না।
চুক্তি অনুযায়ী, দৈনিক ৮০ হাজারের বেশি গাড়ি চললে অতিরিক্ত গাড়ির টোলের ২৫ শতাংশ সরকারের পাওয়ার কথা। তবে রাজস্ব ফাঁকি দিতে গাড়ির সংখ্যা ৮০ হাজারের নিচে দেখানো হয়।
গাড়ির সংখ্যা ও টোল আদায়ে অসঙ্গতি পেয়েছে দুদকও। দুদক উপপরিচালক মিনহাজ বীন ইসলাম জানান, সফটওয়্যারে অন্তর্ভুক্ত না করেই নেয়া হচ্ছে কিছু গাড়ির টোল। বুথের বাইরে বিক্রি হচ্ছে টিকিট। একই রশিদ একাধিক গাড়িতে ব্যবহারের অভিযোগও রয়েছে।
এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসিও চালু হয়নি। ফলে টোলের অর্থ তাৎক্ষণিক যাচাইয়ের সুযোগও কম। তবে এ বিষয়ে চীনের প্রতিষ্ঠান কোনো বক্তব্য দেয়নি।
টোল আদায় ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এফডিই অবৈধভাবে চীনের প্রতিষ্ঠান শ্যানডং হাই স্পিডকে এ দায়িত্ব দিয়েছে বলেও অভিযোগ রয়েছে। প্রকৃত সংখ্যা জানতে সরাসরি গাড়ি গণনা হবে বলেও জানায় দুদক।