গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ২০

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থক হিসেবে পরিচিত চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ৯ জন ককটেলের স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে ওই দুই গ্রামের যুবকদের একটি মিছিল বের হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন। তবে মারধরে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এর জের ধরে সন্ধ্যায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে দুই গ্রামের যুবকেরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সড়কে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষের মধ্যে কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সংবাদকর্মীদের জানিয়েছেন, তিনি একটি গোলমালের কথা শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই বলে জানান।