গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের হিরন ইউনিয়নের নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে অন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা–কাটাকাটি হয়।

একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হন। এ সময় পাঁচটি দোকান ভাংচুর করা হয়। সংঘর্ষে আহত মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম (৫২) ও জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মিকাইল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছেন। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।