পল্লী উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ভবনে ‘সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অন্তর্ভুক্তি’ শীর্ষক কর্মশালায় এ আহ্বান জানানো হয়। সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও বিআরডিবি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিআরডিবির মহাপরিচালক এ কে এম তারেক বলেন, ‘বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে প্রতিবন্ধী শিশু ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। সবাই মিলে বাংলাদেশ গড়তে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের পিছিয়ে রাখার সুযোগ নেই। এ জন্য প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, তরুণদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উন্নয়ন কার্যক্রমে তাদের মতামত অন্তর্ভুক্ত করতে সরকার কাজ করছে।’

সিডিডির নির্বাহী পরিচালক নাজমুল বারী বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; তাদেরও নিজস্ব দক্ষতা ও সম্ভাবনা রয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকে অতিরিক্ত কোনো কার্যক্রম হিসেবে নয়, বরং মৌলিক দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে।’

কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে সিডিডি ও বিআরডিবি যৌথভাবে কাজ করছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবসের বিভিন্ন কর্মসূচিতে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজনসহ বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তারা।

কর্মশালায় বিআরডিবির কর্মকর্তা, প্রতিবন্ধী তরুণ, তাদের পরিবারের সদস্য এবং উন্নয়ন সংস্থা জাইকা ও সিরডাপের প্রতিনিধিরা অংশ নেন।