নারায়ণগঞ্জের বন্দরে জমি সংক্রান্ত বিরোধ ও শত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন ৫ আসামির উপস্থিতিতে এ রায় দেন। এ সময় ২ আসামি পলাতক ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন।
মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে ৮ জনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।
পরবর্তীতে রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম জানান, আদালত এই মামলায় ১৪ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামি ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া নবী নামে এক আসামিকে খালাস দেন।
রায়ে অসন্তোস প্রকাশ করে ন্যায়বিচারের দাবিতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী।