মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী গৃহবধূ চম্পা বেগম হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পিবিআইয়ের দাবি, পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের চাপ ও মনোমালিন্য থেকে চম্পাকে হত্যা করেন জসিম। গ্রেপ্তার জসিম উদ্দিন ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জয়িতা শিল্পী।
পিবিআই পুলিশ সুপার জানান, চম্পা বেগম একই এলাকার স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে কাজ করতেন। গত ২৩ নভেম্বর ভোরে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন সকালে বাড়ির পাশের একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ২৫ নভেম্বর ঘিওর থানায় হত্যা মামলা দায়ের হয়। পরে মামলাটির তদন্তভার পায় পিবিআই মানিকগঞ্জ। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার ৩ ঘণ্টার মধ্যে বীরসিংজুরী বাজার এলাকায় একটি নির্মাণাধীন সেতুর পাশ থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের দাবি, চম্পার সঙ্গে জসিমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। তারা ইমো ও মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ করতেন। একপর্যায়ে চম্পা জসিমকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তবে জসিম বিবাহিত ও তার সন্তান থাকায় বিয়েতে রাজি ছিলেন না। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। ঘটনার দিনও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম উত্তেজিত হয়ে চম্পার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।