টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় মামলা 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তবে এতদিন মামলার বিষয়টি প্রকাশ করা হয়নি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

মামলায় প্রধান আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলা সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে। এছাড়া আরও ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে বলা হয়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

এজাহারে আরও বলা হয়, হত্যার উদ্দেশ্যে মারধর করে পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে তারা। একই সঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।