গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক জাহিদ রহমানকে (২০) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার পিবিআই গাজীপুর জেলা কার্যালয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ সময় ছিনতাই হওয়া অটোরিকশার খণ্ডিত অংশ এবং বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইন্তাজ আলী (২৫), মো. হাবিবুল্লাহ (২৭), মো. আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), মো. জাহাঙ্গীর ফকির (৪২) ও ইব্রাহিম খলিল (৪০)। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর রাতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন চালক জাহিদ রহমান। পরদিন সকালে শ্রীপুরের ধনুয়া সাতখামাইর এলাকার একটি গজারি বনের ভেতর থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান হবি বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে পিবিআই। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ঘটনার দিন তারা জাহিদকে অটোরিকশাসহ নির্জন স্থানে নিয়ে হত্যা করেন। পরে তার মরদেহ গজারি বনে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে পরে বিভিন্ন অংশে খণ্ডিত করেন তারা। অভিযানে অটোরিকশার খণ্ডিত অংশ এবং বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পিবিআই গাজীপুর জেলা পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে একজন তরুণ চালককে হত্যার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।