ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। মৃত হাজতির নাম মো: শেখ মিলন (৩৫)। সোমবার রাতে তার মৃত্যু হয়। 

কারা সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে কারাগারে অসুস্থ্য হয়ে যান শেখ মিলন। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে এগারোটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

মিলনের বাবার নাম শাহানাল কসাই। তার হাজতি নম্বর ৩৮৮/২৩। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে হাজতি মোঃ শেখ মিলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কারাবন্দি হাজতির মরদেহটি জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’