নরসিংদীর শিবপুরে বিস্কুট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিবপুর মডেল থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়জুল হাকিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার বিকেলে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই অভিযুক্ত রিফাত মোল্লার (১৮) বিরুদ্ধে মামলা করা হয়। অভিযুক্ত রিফাত মোল্লা উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবের গ্রামের মোজাম্মেল মোল্লার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা গেছে, ওই শিশুর মা গর্ভবতী হওয়ায় প্রায় এক মাস যাবত বাবার বাড়িতে অবস্থান করছেন। ওই শিশুর নানার বাড়ীর পাশে রিফাতের বাড়ি হওয়ায় তাদের বাড়িতে আসা–যাওয়া করত শিশুটি। বুধবার বিকেল পাঁচটার দিকে শিশুটিকে একা পেয়ে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ঘরের ভেতরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন রিফাত। এ সময় শিশুর কান্না শুনে শিশুর নানী ও মামী ডাকাডাকি করলে দরজা খুলতে বললে সে দরজা খুলে দৌঁড়ে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন শিশুকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন।
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়জুল হাকিম বলেন, ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন।