বেনাপোলে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ট্রাকের (থ্রি-টন) ধাক্কায় মো. রোমান (২১) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) রাতে বেনাপোল-শার্শা সড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রোমান বেনাপোল মানকিয়া গ্রামের সুমন শেখের ছেলে।

বিজিবি জানায়, খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির একটি থ্রি-টন ট্রাক ব্যাটালিয়ন সদর থেকে পুটখালী সীমান্তের দিকে জনবল নিয়ে যাচ্ছিল। পথে আমড়াখালি চেকপোস্টের সামনে পৌঁছালে বেনাপোল থেকে শার্শাগামী বাইসাইকেল আরোহী রোমানের সঙ্গে ট্রাকটির পেছনে ধাক্কা লাগে। এ সময় সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাত পান রোমান। দুর্ঘটনার তাৎক্ষণিক খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের একটি গাড়ি তাঁকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে যশোর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় বিজিবির ট্রাকটি ল্যান্স নায়েক মো. আজগর আলী চালাচ্ছিলেন বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে নাভারন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী জানান, মরদেহটি যশোর সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।