শার্শায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ প্রাণহানি 

 যশোরের শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার উলাশি গিলাপোলে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) ও আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)। 

নাভারন হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, শাহিন হোসেন নিজের খেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে যাচ্ছিলেন নাভারন বাজারে। নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

তিনি জানান, এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ওই ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটকে অভিযান  চালাচ্ছে।