দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়ছে—এমন খবরে যশোরের সীমান্ত এলাকা বেনাপোল ও শার্শার তেল পাম্পগুলোতে হঠাৎ গ্রাহকদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে বেনাপোল সীমান্তের অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ করে দেন পাম্পমালিকেরা।
পর্যাপ্ত তেল না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকেরা।
জ্বালানি তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই সংকট দেখা দেওয়ার আশঙ্কায় স্থানীয়রা বোতল ও ড্রাম নিয়ে পাম্পগুলোতে ভিড় জমান। এতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
তবে রাত ১০টার পর তেল শেষ হয়ে যাওয়ার অজুহাতে অনেক পাম্প বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ভোক্তাদের।
পাম্পমালিকেরা জানান, সরবরাহ থাকা সাপেক্ষে তেল দেওয়া হচ্ছে। কৃত্রিম সংকট নিরসনে দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালকেরা।