যশোর সীমান্তে নজরদারি জোরদার, ফেরারি আসামিদের ধরতে বিজিবির পুরস্কার ঘোষণা

যশোরের শার্শা ও বেনাপোলসহ স্পর্শকাতর সীমান্ত দিয়ে ভারত থেকে দাগি ফেরারি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের অনুপ্রবেশ রোধে পুরস্কার ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তে বিজিবির নাইট ভিশন চশমা, ড্রোনসহ আধুনিক সরঞ্জাম, ডগ স্কোয়ার্ড সহ সীমান্তে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের করা হচ্ছে তল্লাশি। পাশাপাশি অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসানো হয়েছে বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ভারতে পালিয়ে যাওয়া সন্ত্রাসী, পলাতক ও ফেরারি আসামিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। যশোর, সাতক্ষীরা, মেহেরপুর সীমান্ত দিয়ে ফিরতে পারে এমন আশঙ্কায় অবৈধ অনুপ্রবেশ এবং দুষ্কৃতকারীদের অপতৎপরতা রুখতে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে দিন-রাত বিশেষ টহলের পাশাপাশি রাতের নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চ লাইট, নাইট ভিশন গগলস, থার্মাল ড্রোন, সিসি ক্যামেরা, নাইটভিশন বাইনোকুলার ও আধুনিক ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। এছাড়া গোয়েন্দা নজরদারি ও অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সীমান্তের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্ত এলাকায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবির এই কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

রোববার দুপুরে এসব বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় বিজিবি অধিনায়ক এসব কথা তুলে ধরেন। এ সময বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকার নাগরিকদেরকেও সজাগ ও সহযোগিতা করার আহ্বান জানান বিজিবি কর্মকর্তা।