যশোরে সবজির চারার চাহিদার প্রায় অর্ধেক মেটাচ্ছেন জেলার ১৭৫ জন কৃষক। সেইসাথে অন্য জেলাতেও তাদের উৎপাদিত চারা সরবরাহ করছেন তারা। মাত্র ছয়মাসের বেচাকেনায় স্থানীয় অর্থনীতিতে যুক্ত হয় অন্তত ১৫ কোটি টাকা। কৃষি বিভাগ বলছে, মান ভালো হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে সেখানকার চারার।
যশোর সদর উপজেলার আবদুলপুর গ্রামের ৪৫ কৃষক জড়িত ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন, ব্রোকলি, টমেটোসহ প্রায় সব ধরনের সবজির চারা উৎপাদনে।
এই প্রক্রিয়ায় কাজ করছেন ১৩০ জন নারী-পুরুষ। এসব চারা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুর, ফরিদপুর ও বরিশালসহ বিভিন্ন জেলাতে। দূর-দূরান্ত থেকে প্রতিদিনই সেখানে ভিড় করছেন কৃষক ও ব্যবসায়ীরা।
অন্য ফসলের চেয়ে সবজির চারা আবাদে তুলনামূলক কম খরচ ও লাভজনক বলছেন চাষিরা।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আবুল হাসান বলেন, ‘মান ভালো হওয়ায় যশোরের চারার চাহিদা রয়েছে। যা সারাদেশে চাহিদার একটি বড় অংশ পূরণ করছে।’
আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ৬ মাসে- ৫ থেকে ৬ বার চারা উৎপাদন করা যায়। তবে সার-কীটনাশকসহ কৃষি উপকরণ সহজলভ্য করার দাবি চাষীদের।