ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় কৃষি খাতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শীতকালীন সবজি। পাশাপাশি সরিষা, রোপা আমন, মরিচ ও ধনিয়াসহ বিভিন্ন ফসলের জমিও আক্রান্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টিতে এখন পর্যন্ত জেলার ২ হাজার ৩৪১ হেক্টর জমির ফসল ক্ষতির ঝুঁকিতে রয়েছে।
কৃষি বিভাগের তথ্য মতে, জেলার এক লাখ ২৯ হাজার ৯৬৩ হেক্টর আবাদি জমির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বুড়িচং উপজেলা। এ উপজেলায় ৫৮৭ হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে। এছাড়া মুরাদনগরে ৩৬৫, দেবিদ্বারে ২৮৯, হোমনায় ২০৯, ব্রাহ্মণপাড়ায় ২০৫, চান্দিনায় ১৩৭ এবং দাউদকান্দিতে ১২৮ হেক্টর জমি আক্রান্ত হয়েছে।
ফসলভিত্তিক হিসাবে, জেলায় ১ হাজার ৭৬ হেক্টর সবজির জমি বৃষ্টিতে আক্রান্ত হয়েছে। এছাড়া সরিষার ৩৮১, রোপা আমনের ২১৮, মরিচের ১২৭, ধনিয়ার ১২০, ভুট্টার ৮৭ এবং বোরো ধানের বীজতলার ৫০ হেক্টর জমি ক্ষতির ঝুঁকিতে রয়েছে। এর বাইরে মিষ্টি আলু, কালোজিরা, রসুন, পেঁয়াজ, খিরা ও আখের জমিও আক্রান্ত হয়েছে।
চান্দিনা, দেবিদ্বার ও বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকার সবজির খেত ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে আছে। কোথাও বৃষ্টির পানিতে গাছ হেলে পড়েছে, আবার কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির বীজতলা। মুলা, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি ও শসাসহ বিভিন্ন শীতকালীন সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
গত বুধবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া বৃষ্টিতে আবাদ করা ফসলের পাশাপাশি নতুন করে সবজি রোপণের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে। জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে গাছের শিকড় পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এতে উৎপাদন কমার পাশাপাশি বাজারে সবজির সরবরাহেও প্রভাব পড়তে পারে।
চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জানান, দুই দফায় মোট ৬০ শতাংশ জমিতে মুলার চাষ করেছেন তিনি। এর মধ্যে ৩০ শতাংশ জমির মুলা আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে তোলার উপযোগী হওয়ার কথা ছিল। বৃষ্টির আগে পাইকাররা ওই জমির মুলা ৫৫ হাজার টাকায় কিনতে চেয়েছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে অধিকাংশ গাছ হেলে পড়েছে। মুলার গায়ে দাগ পড়লে ভালো দাম পাওয়া কঠিন হবে।
তিনি আরও জানান, অন্য জমিতে সদ্য গজানো মুলার চারাও বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার সকালে বৃষ্টি থেমেছে ভেবে পচনরোধী ওষুধ ছিটানো শুরু করলেও কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়। এতে ওষুধও কাজে আসেনি।
চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোরশেদ আলম জানান, টানা বৃষ্টিতে মুলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি ও শসাসহ বিভিন্ন সবজির বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বীজতলাগুলো ঝুঁকিতে রয়েছে। বৃষ্টি থামার কয়েক দিন পর মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। আপাতত জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। পাশাপাশি ফসলের অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, আক্রান্ত জমির ফসলের ক্ষয়ক্ষতি নির্ভর করছে পরবর্তী আবহাওয়ার ওপর। রবিবার রোদ উঠলে ক্ষতির পরিমাণ কমে আসতে পারে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে আক্রান্ত জমির পরিমাণ ও ক্ষতির মাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


