ঝিনাইদহে আগুনে পুড়ল গোডাউনসহ ৩ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়ে গেছে গোডাউনসহ তিনটি ক্রোকারিজের দোকান। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। আজ সোমবার সকাল ৬টার দিকে কালীগঞ্জ উপজেলা শহরের পুরাতন ব্রিজ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নাম হলো, রফিকুল ইসলাম, মিজানুর রহমান ও সোহাগ আলী।

এ প্রসঙ্গে কালীগঞ্জ ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকাল ৬টার দিকে ব্রিজ সংলগ্ন রাজধানী ক্রোকারিজে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় ব্যবসায়ীরা। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে যায় রাজধানী ক্রোকারিজ ও মিজানুর অ্যালুমিনিয়ামের দোকান ও গোডাউনের সকল মালামাল। এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।