ভারত থেকে আমদানি করে আনা সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৯০ মেট্রিক টন পেঁয়াজ পাঁচ দিন ধরে পড়ে আছে। এতে পরিবহন পর্যায়েই পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার।
হেমন্ত কুমার সরকার বলেন, ‘ভারত থেকে টিসিবির আমদানি করা পেঁয়াজের গাড়িগুলো বেনাপোল স্থলবন্দরে চার দিন আগে আসে। সেখানে ৯০ মেট্রিক টন পেঁয়াজ রয়েছে। টিসিবির পণ্য খালাসের জন্য একজন প্রতিনিধি থাকেন। আর একটি ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের মাধ্যমে খালাস হয়ে থাকে। এরা কেন পেঁয়াজের চালানটি খালাস করেনি তা বলতে পারছি না।’
পেঁয়াজ নিয়ে আসা ভারতীয় ট্রাকচালক মুস্তাকিন মন্ডল বলেন, 'গত পাঁচ দিন ধরে বেনাপোল বন্দরে এসে বসে আছি। পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খালাসের বিষয়ে কিছু জানতে পারছি না। খালাসের জন্য কোনো আমদানিকারকের সঙ্গে যোগাযোগও করতে পারছি না।'
সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স কনফিডেন্সের ব্যবস্থাপক মোর্তজা শরিফ জানান, টিসিবির একটি ডকুমেন্ট না পাওয়ায় পণ্য খালাস করতে পারিনি।'
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আব্দুল হাকিম বলেন, 'সিঅ্যান্ডএফ এজেন্ট ‘বিল অফ এন্ট্রি’ দাখিল না করায় পেঁয়াজের চালানটি খালাস দেওয়া যাচ্ছে না। আমরা পণ্যটি খালাস দিতে উদ্যোগী হলেও ডকুমেন্ট হাতে না পাওয়ায় ছাড় করা সম্ভব হচ্ছে না। সিএন্ডএফ এজেন্ট বিল অফ এন্ট্রির পেপারসটা কাস্টমসে জমা দিলে দ্রুত পণ্য চালানটি ছেড়ে দেওয়া হবে।'