খাসি-গরুর কথা বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগে আটক ৪

খুলনায় খাসি ও গরুর মাংসের কথা বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগে চারজনকে আটক করা করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- তাজ, মো. সিয়াম, প্রেম সরদার ও মো. আবু সাইদ (৩৭)। আটকদের মধ্যে তিনজনই কিশোর। তারা সবাই খালিশপুর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, 'এক মাস ধরে তারা খাসি-গরুর কথা বলে অল্প দামে কুকুরের মাংস বিক্রি করত। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন থেকে এই চারজনকে আটক করা হয়। এ সময় সেখানে হাত-পা বাঁধা জবাই করা অবস্থায় একটি কুকুর পাওয়া যায়।'

এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা সে বিষয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের নতুন করে কারও নাম পেলে দ্রুত তাদেরও আইনের আওতায় আনা হবে।

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। আটকদের বিরুদ্ধে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে প্রাণী কল্যাণ আইনে মামলা করা হবে বলে জানা গেছে।