বাগেরহাটের মোরেলগঞ্জে নৌকার প্রার্থীর একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগুনে কিছু পোস্টার, চেয়ার ও ব্যানার পুড়ে গেছে। আজ সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমুরবুনিয়া বাজারের কাছে রোববার দিবাগত রাত ৩টার এই ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে বাগেরহাট-৪ আসন। এই আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। এই আসনের আরও প্রতিদ্বন্দ্বিতা করছে জাতীয় পার্টি, এনপিপি, তৃণমূল বিএনপি, বিএনএম ও স্বতন্ত্র প্রার্থীরা।
মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সোমবার দুপুরে বলেন, ‘বাগেরহাট-৪ আসনের আসন্ন নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগের নিশানবাড়িয়া ইউনিয়নের আমুরবুনিয়া বাজারের কাছে একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়। রোববার দিনগত রাত ৩টার দিকে অস্থায়ী ওই নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। আগুনে কার্যালয়ে রাখা কিছু পোস্টার, চেয়ার ও ব্যানার পুড়ে যায়। এই নির্বাচন যারা চায় না তারা রাতে অন্ধকারে অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করছি।’
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন বলেন, ‘নৌকার প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা আগুন দিয়েছে তাদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছি।’