মাগুরার বেকার সমস্যা সমাধানে অন্ততপক্ষে ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চান বলে জানিয়েছেন মাগুরা–১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল রোববার সন্ধ্যায় মাগুরা শহরের নোমানী ময়দানে ‘ইয়ুথ টক উইথ সাকিব’—নামক এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা অনুষ্ঠানে নতুন প্রজন্মের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাকিব আল হাসান।
এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘মাগুরাতে শিল্পের বিপ্লব ঘটেনি। যদি কৃষিখাতকে উন্নত করতে পারি, তাহলে বেকারত্ব দূর হবে। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে অন্তত ১০ হাজার মানুষের জব ক্রিয়েট করব। মনে হয় এই প্ল্যাটফর্মে এসে করা সম্ভব। যদি সময় পাই আমি আশা করছি, এটি করতে পারব।’
আরেক প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিল মাগুরাতে একটি ওয়ার্ল্ড ক্লাস একাডেমি করব। সেটি করতে না পেরে ঢাকাতেই একটি করেছি। এখন আশা করছি, মাগুরাতে একটি করব। এতে পুরো খুলনা বিভাগের মানুষ প্রশিক্ষণের সুযোগ পাবে। আর মাগুরার ছেলে–মেয়েরা ঘর থেকে বেরিয়েই প্রশিক্ষণ নিতে পারবে। কিংবা সারা দেশের মানুষই সুবিধা পাবে।’
নতুন প্রজন্মের উদ্দেশে সাকিব বলেন, প্রথমত গুরুত্বপূর্ণ হচ্ছে, একটি লক্ষ্য ঠিক করা। হয়ত সাকসেস একদিনে পাবে না, দুইদিনে পাবে না। তবে কেউ তাড়াতাড়ি পাবে। কেউ দুই বছরে পাবে, কেউ হয়ত বিশ বছর পরে পাবে। কিন্তু কেউ যদি বিশ্বাস করে তার পক্ষে এচিভ করা সম্ভব। তবে সে করবেই।