হাসপাতালে থেকে ফিরছিলেন যুবক, সন্ত্রাসীদের গুলিতে নিহত

খুলনা মহানগরীতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অন্য একজন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. সাদেকুর রহমান রানা। তিনি নগরীর একটি হাসপাতালে অসুস্থ স্ত্রীকে দেখে ফেরার পথে সন্ত্রাসীদের গুলির শিকার হন। রানা নগরীর দেবেন বাবু রোডের শেখ মো. ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে ঢাকার কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

আহত জাহিদ হাসান পলাশ শেরে বাংলা রোডের মহারাজ শেখের ছেলে। তিনি বলেন, ‘সন্ধ্যায় ময়লাপোতা মোড়ের আহসানউল্লাহ কলেজের মোড়ে চা খেতে গিয়েছিলাম। এ সময় পেছনে গুলির শব্দ শুনি। ঘুরে সরতে গিয়ে আমার কুচকিতে গুলি লাগে।’

নিহত রানার ভাই শেখ ফিরোজ আহমেদ বলেন, ‘আমি খবর শুনে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখি ভাইয়ের মৃত্যু হয়েছে।’

ফিরোজ আরও বলেন, ‘রানার স্ত্রী রুনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। সেখানে তাঁকে দেখতে গিয়েছিল রানা। হাসপাতাল থেকে বের হয়ে রাস্তার ওপারে গেলে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। রানার গলায়, মাথায় ও পায়ে গুলি লেগেছে।’

তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা তাৎক্ষণিকভাবে বলতে পারেনি পুলিশ। এ বিষয়ে কোনো কথাই বলতে চায়নি নিহতের পরিবারের সদস্যরা।