সাতক্ষীরার আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই ওমরা হজ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের নওয়াপাড়া তেঁতুলতলা ঈদগাহ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার মৃত আরশাদ সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) এবং একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৪৫)। তাঁরা দুজনই ওমরা হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আহতরা হলেন মিজানুর রহমান (৪৭), রেশমা খাতুন (৩৯) ও হুমায়ুন কবির (৪৮)।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, ওমরা হজ করতে পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার পাঁচজন একসঙ্গে সাতক্ষীরায় আসছিলেন। সাতক্ষীরা থেকে তাঁদের ঢাকায় যাওয়ার কথা ছিল। তাঁদের বহনকারী ইজিবাইকটি নওয়াপাড়া ঈদগাহ মোড়ে পৌঁছালে সাতক্ষীরার দিক থেকে ছেড়ে আসা মাছবহনকারী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে নেওয়ার পথে আছিয়া খাতুন মারা যান।
পুলিশ কর্মকর্তা বিশ্বজিৎ আরও জানান, পিকআপটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।