সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। এ জন্য বাড়ানো হয়েছে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুজ্জামান জানান, ৫৪ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়েও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।


