বাগেরহাট শহর থেকে জাল ১৬ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার

বাগেরহাট শহরের দশানী এলাকার একটি ভাড়া বাসায় শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৬ লাখ জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এসময় জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ফয়সাল ইউসুফ (৩০) বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বারোদাঁড়িয়া গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে।

উদ্ধার জাল টাকার মধ্যে ১৫ লাখ পাঁচশ টাকার নোট এবং এক লাখ একশ ও দুইশ টাকার নোট রয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রাসেলুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ছয় মাস আগে বাগেরহাট শহরের দশানী এলাকার কামাল নামের এক ব্যক্তির বাড়ির ষষ্ঠতলা ভাড়া নেন ফয়সাল ইউসুফ। এই বাড়িতে সরঞ্জাম বসিয়ে ফয়সাল জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে- এই গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়। সেখানে তল্লাশি চালিয়ে পাঁচশ, একশ ও দুইশ টাকার জাল নোট নিয়ে মোট ১৬ লাখ টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এসময় পুলিশ ফয়সাল ইউসুফকে গ্রেপ্তার করেছে। ঈদকে সামনে রেখে এই চক্রটি জাল টাকা তৈরি করে বাজারে সরবরাহ করছে বলে ধারণা করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানতে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’