ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে শাহ আলম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ। 

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শাহ আলম মহেশপুর উপজেলার ফতেপুর বেড়েরপাড়ার আব্দুল বারির ছেলে।

মহেশপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, শাহ আলম একজন ভ্যান চালক। খালিশপুর থেকে ভ্যান নিয়ে ফতেপুরের দিকে যাচ্ছিলেন। পুরন্দরপুর তুষার সিরামিকের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ভাতিজা রাজু তাঁর ওপর হামলা চালান। লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন শাহ আলম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত টিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পুলিশ ভাতিজা রাজুকে আটক করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।