বাগেরহাটের কচুয়ায় নিন্ম আয়ের ২০৫টি পরিবারকে দশ টাকার বিনিময়ে ঈদ উপহার দিল স্থানীয় কয়েকজন তরুণের গড়া ‘চলো পাল্টাই’ নামের একটি সমাজ কল্যাণমূলক সংগঠন।
শনিবার সকাল এগারোটায় কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়ন পরিষদে দরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতা নিয়ে এলাকার দরিদ্র পরিবারের তালিকা তৈরি করে তাদের কাছ থেকে দশ টাকা নিয়ে সেমাই, চিনি, তেল, পেঁয়াজ ও গুঁড়োদুধ বিতরণ করে সংগঠনটি।
এ বিষয়ে ‘চলো পাল্টাই’ সংগঠনের তরুণ উদ্যোক্তা সরদার এনামুল হক বলেন, ‘বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্দ্ধগতি। যা নিন্ম আয়ের মানুষের ক্রম ক্ষমতার বাইরে চলে গেছে। তাই আসন্ন ঈদে এলাকার কিছু দরিদ্র মানুষকে সহযোগিতা করতে আমরা কয়েকজন বন্ধু মিলে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করি।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রাণের বাগেরহাটের প্রতিষ্ঠাতা শাওন পারভেজ বলেন, ‘কচুয়া উপজেলার কয়েকজন তরুণ যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। সমাজের বিত্তবান থেকে শুরু করে নানা শ্রেণিপেশার মানুষ আমাদের সহযোগিতার হাত বাড়ায়। আমরা এখনো মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ক্ষুদ্রক্ষুদ্র উদ্যোগই একদিন বড় উদ্যোগ হয়ে ওঠে। তারা ভবিষ্যতে আরও বড় উদ্যোগ নেবে সেই প্রত্যাশা করছি।’
এর আগে রাঢ়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রাণের বাগেরহাটের প্রতিষ্ঠাতা শাওন পারভেজ তাদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী তুলে দেন।