নড়াইল-যশোর সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নড়াইল-যশোর সড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বাসের চালক জাফর হোসেন (৫০) নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় বাসের অন্তত ২০ জন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও খুলনায় পাঠানো হয়েছে। 

আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নড়াইল পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. রজব আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল এক ঘণ্টার বেশি বন্ধ ছিল। 

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী লিটন ট্রাভেলসের একটি বাস ও যশোর থেকে নড়াইলগামী বিকে পরিবহনের পরিবহনের একটি বাস দুর্বাজুড়ি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান বিকে পরিবহনের বাসটির চালক জাফর হোসেন নিহত হন। এছাড়া লিটন ট্রাভেলস চালক মাহবুব হোসেনসহ (৪৫) অন্তত ২০ জন আহত হয়েছেন।

রজব আলী জানান, দুর্ঘটনার পর পুলিশ রেকার দিয়ে বাস দুটি সরিয়ে নিলে বেলা সাড়ে ১২টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।