চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমোখি সংঘর্ষে টুটুল হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়েছেন।
সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সদরের কিরনগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব আলী।
জানা যায়, নিহত টুটুল হোসেন সদর উপজেলার গহেরপুর গ্রামের রেজাউল হক খোকনের ছেলে। আর আহত দুইজন হলেন আবুল হোসেন (৫৬) ও মিলন হোসেন (২৫)।
এসআই রাজীব আলী বলেন, 'সোমবার বিকেলে টুটুল ও তার চাচাতো ভাই খুব দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। সেসময় কিরনগাছি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়ে উভয় চালক ও আরোহী ছিটকে পড়ে।'
এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক টুটুলকে মৃত ঘোষণা করেন। আর আহত বাকি দুজনকে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।